ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩   সন্ধ্যা ৭:৪৮ 

Home Blog Page 163

সোনারগাঁওয়ের প্রিয় ভূমিতেই অন্তিম শয়ানে শায়িত হলেন সচিব নরেন দাস

0

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুরে নিজস্ব ভূমিতে অন্তিম শয়ানে শায়িত হলেন আইনমন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

সচিব নরেন দাস এর ইচ্ছা অনুযায়ী বুধবার সকাল সোয়া ১১ টার দিকে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাঁকে তাঁর প্রিয় ভূমিতেই অন্তিম শয়ানে শায়িত করা হয়।

এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র পক্ষ থেকে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ও জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন, কাজী আরিফুজ্জামান ও ড. মো. জাকেরুল আবেদীন এবং আইনমন্ত্রীর একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উভয় বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন এবং সচিব নরেন দাসের স্ত্রী, কন্যা ও আত্মীয়-স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সচিব নরেন দাস এর মরদেহ গ্রহণ করেন তাঁর স্ত্রী মিতালি রানী দাস।

তিনি মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । এরপর ৭ জুলাই সেখানে তাঁদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর স্ত্রী করোনাকে পরাজিত করে সুস্থ হলেও নরেন দাস করোনার কাছে হেরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিাে লেজিসলেটিভ সচিব নরেন দাস এর মৃত্যুতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সচিব নরেন দাস এর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিকদার ভাইদের জামিন আবেদন খারিজ, আদালতের সময় নষ্ট করায় ১০ হাজার পিপিই জরিমানা

0

সিকদার ভাইদের জামিন আবেদন খারিজ, আদালতের সময় নষ্ট করায় ১০ হাজার পিপিই জরিমানা

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন চেয়ে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সেই সঙ্গে দেশের বাইরে থেকে আগাম জামিনের আবেদন করে ‘আদালতের সময় নষ্ট করায়’ তাদের জরিমানা করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে ১০ হাজার পিপিই প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ।

মামলা হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়া সিকদার পরিবারের দুই ছেলে রন ও দিপু রোববার বিদেশ থেকেই হাই কোর্টে আগাম জামিনের এই আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ রোববারই বলেছিল, বিদেশ থেকে আবেদন করে জামিন পাওয়ার কোনো সুযোগ নেই।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আদালত ওদের আবেদন রিজেক্ট করে দিয়েছেন এবং তাদের ফাইন করেছেন। দুজনকে পাঁচ হাজার, পাঁচ হাজার করে মোট ১০ হাজার পিপিই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে বলেছেন।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, আদালতের সময় নষ্ট করার জন্য এবং এভাবে দেশের বাইরে থেকে দরখাস্ত করার জন্য তাদের এই জরিমানা করা হয়েছে।

“আদালত বলেছে, আইন বহির্ভূতভাবে এভাবে আবেদন করে আদালতের সময় নষ্ট করা ঠিক হয়নি। আমরা যেন এমন কিছু না করি যাতে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ জনগণের পারসেপশন খারাপ হয়।

“এসব প্রভাবশালী, ধনাঢ্য ব্যক্তিদের যদি এভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে আদালত সম্পর্কে মানুষের বিরূপ ধারণা তৈরি হবে। কাজেই আদালতের মর্যাদার কথা বিবেচনা করে এ আবেদনটি সরাসরি খারিজ করা হল।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির বলেন, রন ও দিপু সিকদারের আইনজীবীরা আগের দিন বলেছিলেন, ওই আবেদন করা হয়েছে সিঙ্গাপুর থেকে। কিন্তু শুনানির সময় বলেছেন, থাইল্যান্ড থেকে আবেদন করা হয়েছে।

“জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আজমালুল হোসেন কিউসি। বাকি যারা ছিলেন, তারা আদালতের কাছে অনুমতি নিয়ে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেছেন, তার নাম বাদ দেওয়ার জন্য।”

সিঙ্গাপুর থেকে রন ও দিপু সিকদারের জামিনের আবেদন
ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন ও দিপুর বিরুদ্ধে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ১৯ মে গুলশান থানায় মামলা হয়।
এরপর গত ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই ব্যাংককে পাড়ি জমান বলে খবর আসে।
দুই ভাইর বিদেশে পাড়ি জমানোর খবরে ব্যাপক আলোচনার মধ্যে ওই মামলা তদন্তের দায়িত্ব পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) রন সিকদারের একটি গাড়ি জব্দ করে।

ট্রান্সশিপমেন্ট: চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার আসছে ভারতীয় পণ্যের প্রথম চালান,যাবে আসাম ও ত্রিপুরায়

0

ট্রান্সশিপমেন্টের আওতায় চার কন্টেইনার ভারতীয় পণ্যের পরীক্ষামূলক চালান নিয়ে আসা জাহাজটি মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।ট্রান্সশিপমেন্টের আওতায় এটাই ভারতীয় পণ্যের প্রথম চালান আসছে।

রোববার ভারতের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশি কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছে।
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাসের পর সড়কপথে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে এসব পণ্য যাবে।
পরীক্ষামূলক চালানে দুই কন্টেইনার টিএমটি বার (লোহার রড) এবং দুই কন্টেইনার ডালজাতীয় পণ্য রয়েছে। প্রথম দুটি ভারতের ত্রিপুরায় এবং ডালজাতীয় পণ্যের কন্টেইনার দুটি আসামে যাবে।
ভারত থেকে দেশটির এক এলাকা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের পরীক্ষামূলক প্রথম চালান এটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ভারতীয় পণ্য পরিবহনের ট্রায়াল রান শুরুর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এ প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে ব্যবসা বাড়ার সাথে অবকাঠামোও বাড়বে বলে তাদের আশা।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, পরীক্ষামূলক প্রথম চালানটি নিয়ে আসা জাহাজটি মঙ্গলবার সকাল ৮টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছানোর সিডিউল রয়েছে। জোয়ার আসা সাপেক্ষে জাহাজটি বন্দরের জেটিতে ভিড়বে কন্টেইনার খালাসের জন্য।
বাংলাদেশি জাহাজ এমভি সেঁজুতির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাঙ্গোলাইনের ম্যানেজার হাবীবুর রহমান জানান, রোববার ভারতীয় পণ্য পরিবহনের চারটিসহ মোট ২২১টি কন্টেইনার নিয়ে জাহাজটি কলকাতার হলদিয়া বন্দর ছেড়েছে। মঙ্গলবার বহির্নোঙ্গরে পৌঁছানোর পর সিডিউল অনুযায়ী চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে ভিড়বে।
বিভিন্ন পর্যায়ে মাশুল ও বন্দরের ট্যারিফ পরিশোধের পর জাহাজ থেকে খালাসের পর কন্টেইনার চারটি ট্রেইলারে করে আখাউড়া সীমান্তে নিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, কন্টেইনার চারটিতে ১০০ টনের মতো পণ্য রয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় পণ্যবাহী চারটি কন্টেইনারের ট্রায়াল রান উপলক্ষে বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিদ্যমান বার্থিং নীতিমালা অনুযায়ী যে জাহাজটি আগে আসবে, সেটি আগে জেটিতে ভিড়বে বলে জানান তিনি।
বন্দর সচিব বলেন, ভারতীয় পণ্য পরিবহনের ট্রায়াল রানের কন্টেইনার থাকলেও সাধারণ সময়ের মতোই জাহাজ ভেড়ানো ও কন্টেইনার খালাস করা হবে। এর জন্য আলাদা কোনো সুবিধা থাকবে না।
বন্দরের নির্ধারিত ট্যারিফ সিডিউল অনুযায়ী বন্দরের মাশুলসহ আনুষঙ্গিক ফি আদায় করা হবে বলেও জানান তিনি।
এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে ভারতীয় এসব পণ্য সড়কপথে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌছাতে পারছে কি না তা বোঝা যাবে।
চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য  ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে ভারত ও বাংলাদেশের সচিব পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বিভিন্ন পর্যায়ে সাত ধরনের মাশুল নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব আদায় করবে।
এগুলো হল- প্রসেসিং মাশুল, ট্রান্সশিপমেন্ট মাশুল, নিরাপত্তা মাশুল, প্রশাসনিক মাশুল, এসকর্ট মাশুল, কন্টেইনার স্ক্যানিং মাশুল ও ইলেকট্রিক সিলের মাশুল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে প্রতি কন্টেইনারের জন্য প্রায় ৪৮ ডলারের মতো মাশুল দাঁড়াবে।
এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবহারের জন্য তারা মাশুল পাবে।এর বাইরে সড়কপথে কন্টেইনার পরিবহন এবং অন্যান্য পর্যায়ে অর্থ আদায় করা হবে।
ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতীয় পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান শুরু নিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন মুক্তবাজার অর্থনীতির সময়। এক দেশ তাদের পণ্য পরিবহনের জন্য আরেক দেশের বন্দর ব্যবহার করবে।এ প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর অর্থ পাবে। তবে এর জন্য বন্দরের প্রয়োজন সাপেক্ষে অবকাঠামো তৈরি করতে হবে।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম এ সালাম বলেন, “এটি ইতিবাচক। আমাদের বন্দরের ব্যবসা বাড়বে। প্রথমে চার কন্টেইনারের চালান আসছে। পরে তা আরও বাড়বে। সক্ষমতা বিবেচনায় নিজেদের প্রয়োজন মিটিয়ে যদি সেবা বিক্রি করা হয় তা অবশ্যই লাভজনক।”
তবে আগে নিজেদের সেবাগুলো ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “পণ্য আসা- যাওয়ার মধ্যে যেন বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন।”
এ প্রক্রিয়ায় শুধু বন্দর-কাস্টমস নয় পরিবহন, কুরিয়ারসহ বিভিন্ন পর্যায়ে ব্যবসার দ্বার খুলবে বলে মন্তব্য করেন তিনি।

ভগবান শ্রীরামের জন্মভূমি নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

0

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কর্তৃক ভগবান শ্রী রামচন্দ্র ও জন্মভূমি অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দুদের বিভিন্ন সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নেপালের প্রধানমন্ত্রী ওলি ভগবান রামের জন্মভূমি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিশ্বের কোটি কোটি হিন্দুদের অনুভূতিতে আঘাত দিয়েছেন। তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য নেপালের প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান এবং নেপালবাসীকেও এর প্রতিবাদ করার অনুরোধ জানান। তারা বলেন নেপাল একটি হিন্দু রাষ্ট্র। নেপালের জনগণও ভগবান শ্রীরামকে নিয়ে তাদের প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য সহ্য করবে না।
প্রতিবাদসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ইউআরআই বাংলাদেশের সমন্বয়ক ড. মোহাম্মদ আব্দুল হাই, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক,অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ।
মানববন্ধনে হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন।
উল্লেখ্য গত ১৩ জুলাই নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি এক অনুষ্ঠানে বলেন, ভগবান রামের জন্ম অযোধ্যায় যা নেপালে অবস্থিত। তাঁর এই বিতর্কিত মন্তব্যে বিশ্বজুড়ে হিন্দুদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশেও বিভিন্ন হিন্দু সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। গত ১৭ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাগ্রত হিন্দু সমাজের উদ্যোগে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

করোনাকালে একমাসে ৫৩০ কোটি টাকার রাজস্ব আদায় নিবন্ধন অধিদপ্তরের

0

এক মাসে ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করেছে নিবন্ধন অধিদপ্তর। এ সময়ে সারাদেশে দলিল রেজিস্ট্রি হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৮০ টি।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে পাঠানো অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই হিসাব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘দেশের করোনাকালীন সময়ে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৩ জন সুস্থ্য হয়ে উঠেছেন। আর একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।’
এখনও বিভিন্ন অফিস থেকে করোনা আক্রান্তের খবর আসছে। এতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে করোনা ভীতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড সচলে ভূমিকা রাখছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনলাইনে জেএমবির জঙ্গি কার্যক্রম ঢাকায় গ্রেপ্তার ভারতীয় নারী দুইদিনের রিমান্ডে

0

জঙ্গি কার্যক্রম চালানোর অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এই ভারতীয় নাগরিক কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষকতার আড়ালে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অনলাইনে জঙ্গি কার্যক্রমে দাওয়াত দিতেন। ছিলেন জেএমবির নারী ইউনিটের নেতৃত্বে।
সিটিটিসি’র সহকারী কমিশনার শেখ ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, আয়েশা ভারতীয় নাগরিক। হিন্দু ধর্মাবম্বী এই নারী অনলাইনে জেএমবির কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হন। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মতিঝিল এলাকা থেকে জেএমবির নারী শাখার প্রধান আসমাকে সিটিটিসি গ্রেফতার করে। আসমার সঙ্গে আয়েশার প্রথম পরিচয় হয়। আসমা গ্রেফতার হলে নব্য জেএমবি’র নারী শাখার দায়িত্ব নেন আয়েশা। আয়েশা আত্মগোপনে থেকে অনলাইনে নারী ও পুরুষ সদস্যদের রিক্রুটের কাজ করছিলেন। তার কাছে দেশ-বিদেশ থেকে নব্য জেএমবির ফান্ডে টাকা আসত। ওইসব টাকা তিনি নারী সদস্যদের মোটিভেশন এবং রিক্রুটমেন্টের পেছনে ব্যয় করতেন।সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আয়েশা ২০১৬ সাল থেকে বাংলাদেশে যাতায়াত করতেন ভারতীয় পাসপোর্ট নিয়ে। গত বছরের সেপ্টেম্বরে তিনি কেরানীগঞ্জ থেকে একটি জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেন। ওই জন্ম নিবন্ধন সনদ দিয়ে তিনি একটি ভুয়া এনআইডি কার্ড তৈরি করেন।ওমান প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে অনলাইনে বিয়ে করে বাংলাদেশি নাগরিকত্ব নেয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। তিনি এটি দিয়ে নাগরিকত্ব নেয়ার চিন্তা-ভাবনা করছিলেন। তার সঙ্গে অনলাইনে আরও অনেক নারীর যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার (১৭ জুলাই) আদালতে পাঠানো হয়। আদালত ভারতীয় এই নারী নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জেএমবির নারী শাখার অন্যদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
জেএমবির ইতিহাসঃ
জিহাদের মাধ্যমে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা করে ১৯৯৮ সালে বাংলাদেশে আত্মপ্রকাশ করে জেএমবি। পরে জঙ্গি কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকারও নিষিদ্ধ করে জেএমবিকে।
অপর দিকে গত বছর ২৪ মে ভারত সরকার জঙ্গি সংগঠন জেএমবিকে ভারতে নিষিদ্ধ করে। ১৯৬৭ সালের আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) অনুযায়ী সহিংসতা ও নাশকতা ছাড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় জেএমবি-কে।নির্দেশিকায় বলা হয়েছে, জেএমবির দুই শাখা ‘জামাতুল মুজাহিদিন ভারত’ এবং ‘জামাতুল মুজাহিদিন হিন্দুস্থান’ দেশের তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদ এবং নাশকতামূলক কাজে প্ররোচিত করছে এবং চরমপন্থার প্রসার ঘটাচ্ছে। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালে বুদ্ধগয়ার বিস্ফোরণে জেএমবির যুক্ত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও তার দুই শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান-সহ কয়েকটি বিস্ফোরণে জেএমবির জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

অন্তত পাঁচটি সন্ত্রাসমূলক ঘটনায় জেএমবির জড়িত থাকার প্রমাণ পেয়েছে অসম পুলিশ এবং এখন পর্যন্ত নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতের পুলিশ জেএমবির ৫৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। মূলত বাংলাদেশ থেকেই তাদের কার্যক্রম চালায়।

আইনের কঠোর প্রয়োগে সুশাসন নিশ্চিত হউক

0

 

 

যুদ্ধবিগ্রহ ছাড়া সভ্যতার কোনো ইতিহাসই নেই। পৃথিবীর সব সভ্যতাই যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে সৃষ্টি। এক কথায় বলা যায় যুদ্ধ রক্তপাত ছাড়া মানুষের কোনো ইতিহাস নেই। মানুষ আরেকজনকে শক্তি দিয়ে পদানত করেই নিজের ক্ষমতা জাহির করেছে। সেই বরফ যুগ, প্রস্তর যুগ থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত মানুষ কখনো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কখনো অন্য প্রাণির সঙ্গে লড়াই করে কখনো নিজের গোত্রের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। ১০ লাখ বছর আগে সেই বরফ যুগের জাভা মানব,পিকিং মানবদের টিকে থাকার ইতিহাসটা জেনে দেখুন। কতো লড়াই করে তারা টিকে ছিল। পৃথিবীর প্রাচীন ইতিহাসগুলো সেটা মেসোপটেমিয়া হউক,ব্যাবিলনিয় হউক, পারস্য গ্রীক কিংবা ভারতবর্ষের সিন্ধু সভ্যতার ইতিহাসই হউক সব ইতিহাসই গড়ে ওঠেছে ক্ষমতাকে কেন্দ্র করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা দখল করে প্রতিপক্ষকে পদানত করে শাসন করেছে শোষন করেছে। ভারতীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতার সেই হরপ্পা, মহেঞ্জোদারো ধংস হয়েছিল আর্যদের হাতে। সেখানে মারামারি কাটাকাটি হয়েছিল। আর্যরা ক্ষমতাবান হয়েছিল। এর পরের বৈদিক সভ্যতায় যুদ্ধ বিগ্রহ মারামারি লেগেই ছিল। মারামারিতে যে জয়ী হতে পারতো সেই রাজা হতো, শাসন করতো। সিন্ধু সভ্যতা থেকে গত ৫ হাজার বছরের ইতিহাস এমন কি বর্তমান সময় পর্যন্ত মানুষের ইতিহাস মারামারি কাটাকাটি ছাড়া কিছুই নয়। মানুষ আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে, মারামারি করেই শাসন করছে, টিকে আছে। প্রেম ভালোবাসা দিয়ে শাসন প্রতিষ্ঠা হয়েছে এমন কোনো নজির ইতিহাসে নেই। প্রেমের কথা, ভালোবাসার কথা কেউ শুনেনি। এমন কি মানুষ যে ধর্মের কথা বলে, পৃথিবীর সব ধর্ম প্রতিষ্ঠা হয়েছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। ধর্মের মর্মবাণী শান্তি প্রেম ভালোবাসা হলেও তা প্রতিষ্ঠা হয়েছে রক্তপাতের মাধ্যমে।
আমরা মনে করি মানুষ তার ইতিহাসটা জানুক। মানুষের শাসনের ইতিহাসে যুদ্ধ আর পদানত করা ছাড়া কিছুই নেই। শুধু প্রেম ভালোবাসা দিয়ে শাসন হয় না। এজন্য দরকার শাসনের কঠোরতা। অন্যায়কারির কঠোর শাস্তি নিশ্চিত না করতে পারলে সমাজে অন্যায় বাড়তেই থাকবে। আমরা চাই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনের সঠিক ও যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন নিশ্চিত হউক।

মহাত্মা মৌলানা আজাদদের কথা জানাতে হবে

0

“ধর্ম যদি বিশ্বজনীন প্রকাশ হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে এতো কেন চুলোচুলি আর ঠোকাঠুকি? প্রত্যেকটি ধর্মই বা কেন নিজেকে সত্যের একমাত্র আধার বলে দাবি করবে এবং কেনই বা অন্য সব ধর্মকে নস্যাৎ করবে।”
——–মৌলানা আবুল কালাম আজাদ।
মহাত্মা আবুল কালাম আজাদের আত্মজীবনীটি ২০১১ সালে বই মেলা থেকে কেনা। কিন্তু পড়ি পড়ি করেও পড়া হয় নি। এবার এই করোনাভাইরাসে জীবন জীবিকায় মারাত্বক ক্ষতি করলেও যা লাভ হয়েছে তা হলো পড়াশোনা। গত ১০ বছরে যে পরিমাণ পড়েছি মনে হয় গত চার মাসে সে পরিমাণ পড়াশোনা হয়েছে। আমার ক্ষুদ্র সংগ্রহেও অনেক অপঠিত গ্রন্থ রয়ে গেছে, অনেকগুলো রেখেছিলাম ভবিষ্যতের জন্য সময় করে পড়ার। স্বাভাবিক সময়ে শুধু রোফারেন্সের বইগুলোই নিয়মিত নাড়াচাড়া বেশী হয়। করোনার কারণে সমৃদ্ধ বইগুলো পড়ার সুযোগ হচ্ছে। ইতিহাস আমাকে টানে। তাই প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, ভারতের ইতিহাস সেই প্রাক সিন্ধুসভ্যতা থেকে ৪৭ এর দেশভাগ পর্যন্ত ধারাবাহিক বর্ণনা (ড.অতুল চন্দ্র রায় ও ড. প্রণব কুমার চট্টোপাধ্যায় যৌথভাবে লিখিত,হাজার পৃষ্টার বইটি) পড়ে আমি মুগ্ধ। ইতিহাসের এমন বর্ণনা পড়ে চোখের সামনে ভেসে আসে সেই দিনগুলো, মনে হয় আমিও যেনো ছিলাম সেই সময়ে। নিহার রঞ্জন রায়ের বাঙালীর ইতিহাস ( আদিপর্ব) , ড. দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ( দুই খন্ড) আদ্যপান্ত পড়ে নিজের শরীরেই চিমটি কেটে দেখছি। আল বেরুনীর ভারততত্ত্ব পুনরায় পড়ে মনে হলো একটা মানুষ কতো পন্ডিত হলে এমনটি লিখতে পারেন। কাজী আবদুল ওদুদ রচনাবলী পড়ে মাথা নষ্ট হওয়ার যোগাড়। মানুষ একজীবনে এতো জানে কি ভাবে,লিখে কি ভাবে? তাদের ঘর সংসার ছিলনা? আয় রোজগার করতেন না? কি লিখেন নি মহাত্মা কাজী আবদুল ওদুদ?
জানার কোনো শেষ নেই, এটা কার যে উপলব্ধি ছিল! আমারতো মনে হয় সবই লিখা হয়ে গেছে। নতুন করে লিখার কিছু নেই। এখন শুধু পড়া ছাড়া আর লিখার কিছুই দরকার নেই। মানুষ শুধু পড়ুক।
বলেছিলাম মৌলানা আবুল কালাম আজাদের কথা। এই মহাত্মার আত্মজীবনী পড়ে আমার মনে হয়েছে মানুষ কতো কতো বড়। যিনি মক্কা থেকে ভারতে এসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক হয়ে ওঠেছিলেন। যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো না অথচ উর্দু,ফারসি, ইংরেজী ভাষায় ছিলেন পন্ডিত। ছিলেন দার্শনিক। এমন মানুষের কথা নতুন প্রজন্মকে না জানালে সভ্যতাই থমকে যাবে। মৌলনা আবুল কালাম আজাদদের ইতিহাস জানানো হয় না বলেই, মওলানা সাঈদিদের আবির্ভাব হয়।
মানুষের অহমিকা দেখে বিস্মিত হই। কী নিয়ে যে মানুষ পড়ে আছে?
অনুভূতি শেয়ার করা যায় না। একাডেমিক পড়ার সময় নির্ধারিত প্রশ্নোত্তর মুখস্ত করতে হতো পরীক্ষায় পাস করার জন্য। এর পর সব ভুলে যাওয়া। কিন্তু এখন পড়ে মনে হচ্ছে নতুন এক জগতে যাওয়া। ইতিহাস জানা মানে নিজেকে জানা।
আমার কন্যাটিকে মাঝে মাঝে বলি, যদি একটি টাইম মেশিন পেতাম তা হলে ঘুরে দেখে আসতাম সেই প্রাচীন যুগটায়। বৈদিক সভ্যতার উত্থানপতন, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এর পর মধ্যযুগের সুলতানি আমল,মোগল আমলটা দেখে আসতাম। মাত্র কদিনের ইতিহাস। ৫ হাজার বছরও হয় নি। মহাকালের অনন্ত সময়ে এটাতো গণনার মধ্যেও পড়ে না।
একটা টাইম মেশিন কোথায় পাবো?

প্রতারক সাহেদ সাতক্ষীরায় গ্রেপ্তার

0

করোনাভাইরাস চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোরকা পরে নৌকায় করে পাশের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন সাহেদ। আর কিছুক্ষণ দেরি হলে হয়ত তাকে আর পাওয়া যেত না।“

গ্রেপ্তারের পর একটি হেলিকপ্টারে করে সাহেদকে নিয়ে সকাল ৯টার দিকে ঢাকার পুরাতন বিমানবন্দরে পৌঁছান র‌্যাব সদস্যরা। পরে তাকে বিপুল নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয় উত্তরায় র‌্যাব সদরদপ্তরে।

সাহেদকে হেলিকপ্টার থেকে নামানোর পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, দালালের মাধ্যমে লবঙ্গবতী নদীর ইছামতিখাল দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান।

“গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে ওই এলাকায় অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। কিন্তু সে ঘনঘন স্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করতে একটু সময় লেগেছে।”
 

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ এই সাতক্ষীরারই ছেলে। গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন।

কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। জানা যায়, ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে চিকিৎসা দিয়ে আসা এ চিকিৎসালয়ের লাইসেন্সের মেয়াদই পার হয়ে গেছে বহু আগে।

অভিযানে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনাভাইরাস চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেওয়া হয়।

রিজেন্টের এমডি গ্রেপ্তারঃ
র‌্যাবের ওই অভিযানের পর রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদের নানা অনিয়ম ও দুর্নীতির খবরও সংবাদমাধ্যমে আসতে শুরু করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহসম্পাদক পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কীভাবে তিনি নানা অপকর্ম চালিয়ে আসছিলেন, সেসব তথ্যও এখন গণমাধ্যমে আসছে। 

রিজেন্ট হাসপাতালে অভিযানের পর ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

ওই মামলায় সে সময় মোট আটজনকে গ্রেপ্তার দেখিয়ে সাহেদসহ ৯ জনকে পলাতক দেখানো হয়েছিল। তাদের মধ্যে সাহেদের অন্যতম সহযোগী, রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে মঙ্গলবার বিকালে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির তদন্তভার মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দেওয়া হলেও র‌্যাব ওই দায়িত্ব নেওয়ার জন্য নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বলে আশিক বিল্লাহ জানান।

কে এই সাহেদঃ
সাতক্ষীরার ছেলে সাহেদ স্কুলের শেষ দিকের ছাত্র থাকা অবস্থায় ঢাকায় চলে আসেন। তার মা সুফিয়া করিম এক সময় মহিলা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। বাবা সিরাজুল করিম ছিলেন ব্যবসায়ী। শহরের কামালনগরে করিম সুপার মার্কেট নামে একটি বিপণি বিতান ছিল তাদের।

সাহেদের মা মারা যাওয়ার পর তার বাবা ওই মার্কেট বিক্রি করে স্থায়ীভাবে সাতক্ষীরা ছেড়ে ঢাকা চলে আসেন। তবে সাহেদ মাঝে মাঝে সাতক্ষীরায় যেতেন।

২০০৯ সালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাহেদ দুই বছরের মাথায় ধানমণ্ডিতে এমএলএম ব্যবসা শুরু করে বহু লোকের টাকা মেরে দেন বলে অভিযোগ আছে। পরে তিনি প্রভাবশালীদের সঙ্গে সখ্য গড়ে তুলে প্রতিষ্ঠা করেন রিজেন্ট গ্রুপ। হাসপাতালে ছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়, আবাসন, হোটেল ব্যবসা রয়েছে এ গ্রুপের।

বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাদের বাসায় যাওয়া আসা শুরু করেন সাহেদ। এর মধ্যে বিভিন্ন টেলিভিশনের টক শোতে দেখা যেতে থাকে তাকে। অনেক সাংবাদিকের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়।

২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ার মধ্য দিয়ে সরাসরি তিনি রাজনীতিতে যুক্ত হয়ে যান।

সরকারের মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সরকারি আমলাসহ গুরুত্বপূর্ণ বহু ব্যক্তির সঙ্গে তোলা অসংখ্য সেলফি নিজের ফেইসবুক পেইজে দিয়ে রেখেছেন সাহেদ। এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ‘ভিআইপিদের’ মধ্যে তার উপস্থিতির ছবিও আছে। 

র‌্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, এমএলএম ব্যবসা খুলে গ্রাহকদের টাকা আত্মসাৎ, চাকরির নামে অর্থ নেওয়া, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে কো-অপারেটিভ থেকে অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইলসহ নানা অভিযোগে ৩০টির বেশি মামলা রয়েছে সাহেদের বিরুদ্ধে।

তার প্রতারণার শিকার হওয়া অনেকেই এখন কথা বলতে শুরু করেছেন। অটোরিকশার রুট পারমিটের কথা বলে এক ব্যবসায়ীর কাছ থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে নতুন একটি মামলা হয়েছে সাহেদের বিরুদ্ধে। 

আর কোভিড-১৯ পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা র‌্যাবের মামলায় বলা হয়েছে, ভুয়া প্রতিবেদন দিয়ে প্রায় ছয় হাজার লোকের কাছ থেকে দুই কোটি ১০ লাখ টাকা আদায় করেছে রিজেন্ট।

যদিও এক্ষেত্রে রোগীর কাছ থেকে কোনো টাকা তাদের নেওয়ার কথা নয়, কারণ সেসব পরীক্ষা সরকারি পরীক্ষাগারে হওয়ার কথা।

এছাড়া সরকারের সঙ্গে করা চুক্তি ভেঙে রিজেন্ট করোনাভাইরাস চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে অর্থ নিয়েছে, আবার স্বাস্থ্য অধিদপ্তরেও এক কোটি ৯৬ লাখ টাকার একটি বিল জমা দিয়েছে বলে জানানো হয় এজাহারে।

সেখানে বলা হয়, “রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ নিজেকে ক্লিন ইমেজের ব্যক্তি বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে একজন ধুরন্ধর, অর্থলিপ্সু ও পাষণ্ড।”

চীন বনাম ভারত: কোন পথে হাটবে বাংলাদেশ?

1

চীন এবং ভারতের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা কেবল বাড়ছেই। উত্তেজনাকর এ পরিস্থিতিতে উভয় দেশই বাংলাদেশকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। চেষ্টা চলছে বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের। গত ৪৭ বছরের ইতিহাসে এটি বিরল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটিকে বাংলাদেশ নিয়ে ভূ-রাজনৈতিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। উভয় দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আর এতে বাণিজ্যকেই তাদের হাতিয়ার করতে চাইছে। বাংলাদেশ নিয়ে ভারত চীনের সার্বিক অবস্থা পর্যালোচনা করেছেন, অম্লান দেওয়ান।

ভারত ও চীন-উভয় দেশের সঙ্গে বাংলাদেশের রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক-বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার সম্পর্ক। তবে ভৌগলিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় কারনে ভারতের সঙ্গে সর্ম্পক নিবিড় বলে মনে করা হয়।

এ নিয়ে কূটনীতিকদের মধ্যে চলছে তোলপাড়। চায়ের কাপে উঠছে ঝড়। কোন পথে হাটবে বাংলাদেশ? কাকে রেখে কাকে খুশি করবে বাংলাদেশ? প্রশ্ন উঠেছে বাংলাদেশের কাকে বেশি দরকার? দৃশ্যত এ ইস্যুতে তিন দলে বিভক্ত দেশের সুশীল সমাজ ও বোদ্ধারা। কুটনীতি, সমাজনীতি, অর্থনীতি আর রাজনীতি ব্যাখ্যা করে তিনদলই নিজ নিজ মতামত তুলে ধরছেন।

একদল বলছেন, বাংলাদেশ সীমান্তের তিনদিকেই ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনেক। ১৯৭১ সালের রক্তাক্ষয়ী মুক্তির লড়াইয়ে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকতো এ দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ। তাই ভারতের পাশে থাকাই হবে বাংলাদেশের জন্য আদর্শিক কাজ।

আরেকদল বলছে, নিজ স্বার্থেই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছে। ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল ভারতের তার প্রতিশোধ নিয়েছে। আর চীন বাংলাদেশের উন্নয়নের অনিবার্য অংশীদার। বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি। চীনাদের অকুণ্ঠ সহযোগিতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সুতরাং চীনকে বাদ দিয়ে ভারতের পাক্ষ নেওয়া হবে বোকামি।

তবে তৃতীয় আরেকটি দল রয়েছে। তারা বলছে, ভারত বাংলাদেশ দুই দেশকেই আমাদের দরকার। অতএব দুপক্ষকে সাথে নিয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ।

তবে দুপক্ষের মধ্যে যদি সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় তখন কোন এক পক্ষে যাওয়ার জন্য বাংলাদেশের উপর চাপ আসতে পারে। আর সে পরিস্থিতিতে কী করবে বাংলাদেশ? কী করা উচিত?

বাংলাদেশের সঙ্গে চীন-ভারতের রাজনৈতিক সর্ম্পকটি কেমন? কার সঙ্গে কতটা ঘনিষ্ঠ বাংলাদেশ?

ইতিহাস ঘেটে দেখা যায়, চল্লিশ দশকের শেষে চীনা বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এক ভিন্ন মোড় নেয়। এ সম্পর্ক রাষ্ট্রীয় বিধিনিষেধের ঘেরাটোপে বন্দি ছিল না। এ ছিল দু’দেশের কিছু মানুষের আদর্শিক সম্পর্ক। হ্যাঁ, বাংলাদেশে সে সময় যে বামপন্থী আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে তার শেকড় ছিল চীনে। ৫০ ও ৬০ এর দশকে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই একাধিকবার বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেন। চীনা কমিউনিষ্ট পার্টি সে সময় থেকেই বাংলার জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতো। তাদের মধ্যে অন্যতম ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী প্রমুখ। এ সম্পর্কে ছন্দপতন ঘটে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। চীন পাকিস্তানকে সরাসরি সমর্থন করে। এর পেছনে জটিল ভূ-রাজনৈতিক কারণ ছিল। সোভিয়েত ইউনিয়ন ও ভারত বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থ দিয়েছিল। আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের ছিল মতাদর্শগত ও আরো নানা বিষয়ে বিরোধ। আর ১৯৬২ সালেতো চীন সরাসরি মরণঘাতি যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারতের সঙ্গে। এসব কারনে চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। অবশেষে বাংলাদেশ যুদ্ধে বিজয়ী হলেও চীন ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। ১৯৭৪ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতেও ভেটো দেয় চীন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৭৬ সালে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সর্ম্পক স্থাপিত হয়। এরপর বাংলাদেশের অস্ত্র সরবরাহ করতে থাকে চীন। তবে তার সবই আসতে থাকে পাকিস্তান হয়ে। অর্থাৎ এসব অস্ত্রের মূল উৎপাদনকারী চীন হলেও পাকিস্তানই এসব ট্রেডিং করতো বাংলাদেশে। মাঝখানে পাকিস্তানী সেনাকর্মকর্তারা মোটা কমিশন পেয়ে লাভবান হতো। বঙ্গবন্ধু সরকারকে উৎখাতে চীনারা তৎপর ছিল বলেও অনেকে মনে করেন।

অন্যদিকে ৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণ যে সমর্থন ও সহযোগিতা বাংলাদেশ ও বাঙালিদের দিয়েছিল তা দুদেশের সম্পর্কে নতুন ভিত্তি রচনা করেছিল। ভারত মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের স্বকীয়তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুর্নগঠনে তাই ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশও জানিয়েছিল তার কৃতজ্ঞতা ও সম্মান। ভারত বুঝতে পেরেছিল ভূ-রাজনৈতিক নানা দিক বিবেচনায় বাংলাদেশকে তার লাগবে। আর একটি স্থিতিশীল বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
বাংলাদেশ ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন না হলে বিপদ। তবে ১৯৭৪ সালে পাকিস্তানে ওআইসি সম্মেলনে অংশগ্রহনের কারণে বাংলাদেশের উপর অসন্তুষ্ট হয় ভারত। তার প্রভাব পড়ে দুদেশের সম্পর্কেও। তৈরি হয় দূরত্ব। দু’দেশের স্থলসীমানা নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতা তারই একটি উদাহরণ। তবে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সে সম্পর্কের আরও অবনতি হয়। জেনারেল এরশাদ অবশ্য ভারতের সঙ্গে সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় তৎপর হন।

২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়। আসে আমূল পরিববর্তন। গত এক দশকেরও বেশি সময় জুড়ে দু’দেশের মধ্যে স্বাাক্ষরিত হয়েছে নানা চুক্তি। এ সময়ে ভারতে সরকার পরিবর্তিত হলেও বাংলাদেশের ব্যাপারে নীতিগত কোন পরিবর্তন আসেনি। ছিটমহল বিনিময়, ভারতকে সড়ক পথে ট্রানজিট দেওয়া, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া, ভারত-বাংলাদেশ প্রতিরাক্ষা চুক্তি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনে সহায়তা দু’দেশের সহযোগিতার অন্যতম দৃষ্টান্ত। এ সময় বাংলাদেশীদের ভারত যাওয়া যেমন বেড়েছে, ভারতীয়দের বাংলাদেশে আসাও তেমনি বেড়েছে। আসা যাওয়া বাড়লেও বাংলাদেশের মানুষের একটি বিরাট অংশের মধ্যে বেড়েছে ভারত বিরোধিতা। তিস্তার পানি বন্টন চুক্তি ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান এ বিরোধিতাকে আরও চাঙ্গা করেছে। তার মানে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে দারুন। কিন্তু দুই দেশের জনগনের সম্পর্ক সে মাত্রায় গভীর হয়নি।

২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের সাহায্যে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব পাওয়ার সাথে সাথেই চীন সেটি গ্রহণ করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের ত্রিমুখী চাপে সে প্রস্তাব থেকে সরে এসেছিল বাংলাদেশ। পরে জাপানের সাহায্য নিয়ে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পথে এগোয় বাংলাদেশ।

আর চীনের সাথে অন্যান্য সহযোগিতা প্রকল্প চালিয়ে যায় বাংলাদেশ। গত এক দশকে চীন থেকে অনেক সমরাস্ত্র সংগ্রহ করেছে বাংলাদেশ। আমাদের সেনা কর্মকর্তারা চীন থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও প্রতিরক্ষা বিষয়ক সর্ম্পক খুবই সামান্য। ভারত থেকে কোন সমরাস্ত্র কেনারও খবর নেই।

চীন বাংলাদেশে রপ্তানি করে প্রায় ১৭-১৮ বিলিয়ন ডলারের পণ্য অথচ বাংলাদেশ থেকে আমদানি করে ৭৫০ মিলিয়ন ডলারেরও কম। বাংলাদেশকে সাহায্য দেয় ১ বিলিয়ন ডলারের মতো। ২০১৬ সালে বাংলাদেশ সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২৪ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা বা আশ্বাস দেন।

অন্যদিকে, ভারত বাংলাদেশে রপ্তানি করে প্রায় প্রায় ৮ বিলিয়ন ডলারের পণ্য অথচ বাংলাদেশ থেকে অামদানি করে ২৬০মিলিয়ন ডলারেরও কম। আর দু’দেশের মধ্যে যে ইনফরমাল ট্রেড হয় তা পুরোটাই ভারতের অনুকূলে। ধারনা করা হয় এর পরিমান ২ থেকে ৩ বিলিয়ন ডলারের মতো। বাংলাদেশে কর্মরত ভারতীয়দের পাঠানো রেমিটেন্সের পরিমান ৪ বিলিয়ন ডলার। ভারত বাংলাদেশকে সাহায্য দেয় ১৫০ মিলিয়ন ডলারের মতো। তবে বর্তমান সরকারের অামলে ভারত বাংলাদেশের ৯৮ শতাংশ বিনাশুল্কে প্রবেশাধিকার দিয়েছে। যদিও শুল্ক বর্হিভূত অন্যান্য নানা বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ এ সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

চীন-ভারত সাম্প্রতিক উত্তেজনার পর চীনও একই ধরনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

বিশাল বাজার ও বহুমাত্রিক পণ্যসামগ্রীর কারণে বানিজ্য বিষয়ে চীন ভারতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে হয়। তাছাড়া বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার যদি চীন উন্মুক্ত করে তাহলে বাংলাদেশ চীনের দিকে ঝুকে পড়বে তাতে কোন সন্দেহ নেই। অার সে পথেই এগুচ্ছে চীন। ইতিমধ্যে বাংলাদেশী সব পণ্যের শুল্কমু্ক্ত প্রবেশাধিকার দেওয়ার টোপ দিয়েছে চীন। বাংলাদেশ অবশ্য এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি।

অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে দু’দেশের মনোযোগের কেন্দ্রে রয়েছে অবকাঠামো। দু’দেশই বাংলাদেশের অবকাঠামো খাতে নানা প্রস্তাব দিয়ে আসছে। ইতিমধ্যে বেশ কিছু মেগা প্রকল্প চলমান রয়েছে। রেল খাতে দুই দেশই বাংলাদেশে কাজ করতে চায়। কাজ করতে চায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়েও। সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ ভারত পেয়েছে। তবে তা পরিবেশগত কারণে বাধার মুখে পড়েছে। তবে উৎপাদন বা বৃহৎ শিল্প স্থাপনে দুটি দেশের কেউই বড় কোন বিনিয়োগ করেনি। তবে মাঝে মাঝে তাদের এ ধরনের প্রকল্পে বিনিয়োগের কথা শোনা যায়।

আর সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের উপর ভারতের প্রভাব একচ্ছত্র। ব্যাপক। কোনো কোনো বিষয়ে আগ্রাসী। দুই দেশের রয়েছে অভিন্ন ভাষা ও সংস্কৃতি। প্রায় লাখখানেক ছাত্র ছাত্রী ভারতে পড়াশুনা করে। ভারতের টিভি চ্যানেলগুলো এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের সব পণ্যের প্রচারও সে সব টিভিতেই বেশি হতো। ফলে এদেশের টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন না পেয়ে আর্থিক সংকটে পড়েছিল বা রয়েছে। তাদের চাপে পড়ে কিছুদিন আগে তথ্য মন্ত্রণালয় ভারতীয় চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেওয়ার উপর কড়াকড়ি আরোপ করে।

অন্যদিকে বাংলাদেশে চীনের সাংস্কৃতিক প্রভাব প্রায় নেই বললেই চলে। চীনা ভাষা শেখার কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া এদেশে তাদের কোনো সাংস্কৃতিক কর্মকান্ড চোখে পড়ে না। চীনা সংস্কৃতি নিয়ে বাংলাদেশীদের মধ্যে তেমন একটা আগ্রহ চোখে পড়ে না।

উপরের তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, দুই দেশ বাংলাদেশকে যা দেয়, নেয় তার চাইতে অনেক বেশি। তাই বাংলাদেশের উচিত হবে ভারত-চীনের এ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে নিজের সুবিধা আদায়। আরও পরিস্কারভাবে বললে ন্যায্য হিস্যা বা প্রাপ্য আদায়। বাংলাদেশের ভেতরে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষক মনে করেন যে গত এক দশকের বেশি সময়ে আওয়ামী লীগ সরকার ভারতকে যতটা সুবিধা দিয়েছে বিনিময়ে পেয়েছে অনেক কম। আর এ কারণে ভারত চীনের সম্পর্কের এ টানা পোড়েনের সুযোগটাকে কাজে লাগাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যা যা দুই দেশ থেকে পেতে চায় তার তালিকা তৈরি করে কৌশল ঠিক করে..তথ্য উপাত্ত হাতে নিয়ে দুই দেশের সঙ্গে বসা উচিত। আর দু’দেশের কারও পক্ষ না নিয়ে নিজ সুবিধা আদায় অবশ্যই সম্ভব। এটাই সময়।
অম্লান দেওয়ানঃ সাংবাদিক, রাজনৈতিক পর্যবেক্ষক।