ঢাকা   রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩   সকাল ৬:৫৫ 

Home Blog Page 82

‘১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নিখোঁজ হলে জানাতে হবে সিটিটিসিকে’

0

দেশে ‘১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে বা থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার তথ্য পেলেই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অবশ্যই জানাতে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।’
বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপিতে কর্মরত পুলিশের সব সদস্যকে এই নির্দেশনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
মাসিক অপরাধ পর্যলোচলা সভায় জুন ও জুলাই, মাসে ডিএমপিতে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে, এমন তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্তে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে অবহিত করতে হবে।’
ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউনের ‘বিধি-নিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরো নিরলসভাবে কাজ করতে হবে।

আওয়ামী আইনজীবী পরিষদের শোক সভা

0

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট বুধবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম. পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এম পি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এম পি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম. পি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজীবুল্লাহ হিরু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল ও ঢাকা মহানগর পি পি এডভোকেট মো. আবদুল্লাহ আবু।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভাটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।

ই-অরেঞ্জের মালিকসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

১১শ’কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত
বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ- কশিশনার জাফর হোসেন এই তথ্য জানিয়েছেন।
যে পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন ই-অরেঞ্জের সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান এবং আমানউল্লাহ, বীথি আক্তার, কাউসার আহমেদ। এঁদের মধ্যে সোনিয়া ও মাসুকুর কারাগারে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আমানউল্লাহ। পলাতক রয়েছেন আসামি বীথি আক্তার ও কাউসার।
গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য কিংবা টাকা ফেরত না পাওয়ায় গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক।
মামলায় ই-কমার্স প্ল্যাটফর্মটির মালিক সোনিয়াসহ পাঁচ জনকে আসামি করা হয়।

‘জঙ্গিবাদে উস্কানির’ অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে জিডি

0

আফগানিস্তান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলের ফেইসবুক পোস্ট ‘জঙ্গিবাদে উসকানি’ দেয়ার অভিযোগে থানায় জিডি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন এই অভিযোগ দায়ের করলে পুলিশ তা জিডি হিসেবে গ্রহণ করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি মওদূদ হাওলাদার জানান, “অভিযোগটি ডিজি (সাধারণ ডায়েরি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু অভিযোগটি সাইবার অপরাধ সংক্রান্ত, তাই ডিবির সাইবার বিভাগের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের কাবুল বিমানবন্দরের দৃশ্যের ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুরে আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’
এই স্ট্যাটাস ‘রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ও দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে পারে’ উল্লেখ করে মামলার অভিযোগপত্রে নাহিদ হাসান শাহিন বলেন, “তার স্ট্যাটাসটি শুধু রাষ্ট্রের ভাবমূর্তি নয় বরং আক্রমনাত্মক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াইয়া আইন শৃঙ্খলার অবনতি করিয়া সোশাল মিডিয়ার মাধ্যমে তরুণ সমাজকে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করিতে ও দেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার মাধ্যমে শান্তি বিনিষ্ট করিয়া বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার সহায়ক।”
এর আগে আসিফ নজরুলকে ‘জঙ্গিবাদের মদদদাতা’ আখ্যায়িত করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবনে গিয়ে তার তালাবদ্ধ কক্ষে আরও তিনটি তালা লাগিয়ে দেয়।
এই শিক্ষকের কক্ষের দরজার সামনে ‘দেশদ্রোহী’, ‘জঙ্গিবাদের মদদদাতা’ ও ‘জামাত-শিবিরের এজেন্ট’ লেখা পোস্টারও সাঁটিয়ে দেয় তারা।
একই ঘটনায় বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসিফ নজরুলের কুশপুত্তলিকা পোড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। এই শিক্ষককে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
তালা দেওয়ার ঘটনায় আসিফ নজরুল বলেন, ভিন্নমত কারও থাকতেই পারে। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার কারণ তিনি বুঝতে পারছেন না।

বসুন্ধরা এমডিকে অব্যাহতি দিলো আদালতও, নারাজি খারিজ; আপিল করবেন বাদী

0

মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলার অভিযোগ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।
ওই মামলায় গুলশান থানা পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার (১৮ আগস্ট) আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।
একইসঙ্গে পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত জাহানের দেয়া নারাজির আবেদনে যৌক্তিক কারণ না থাকায় তা খারিজ করে দেন আদালত।
বাদি পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বাদী অভিযোগের পক্ষে কোনো দালিলিক, প্রত্যক্ষ বা পরোক্ষ, মৌখিক বা আইনানুগ সাক্ষ্য বা ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় মামলার তদন্ত কর্মকর্তা গত ১৯ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পুলিশ প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনায় বসুন্ধরা এমডির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। সে কারণে মামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।
এরপর আদালত এই প্রতিবেদনের ওপর ২৯ জুলাই শুনানির দিন ধার্য করেন। একইসঙ্গে মামলার বাদীকেও নোটিশ করা হয় ধার্য তারিখে উপস্থিত থাকার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ওইদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ১৭ আগস্ট। মঙ্গলবার নির্ধারিত দিনে মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন।
আদালত বাদীর বক্তব্য শোনার পর নথি পর্যালোচনা করে পুলিশ প্রতিবেদন গ্রহণ করে বুধবার আদেশ দেন। আদেশে বসুন্ধরা গ্রুপের এমডিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান কলেজছাত্রী মুনিয়া। তার মৃত্যুর পরপরই তড়িঘড়ি করে তার বোন নুসরাত জাহান বসুন্ধরা এমডিকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।
প্রায় তিন মাস তদন্ত করে ঘটনার সঙ্গে বসুন্ধরা এমডির কোনো সম্পৃক্ততা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
আদালতে পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মামলাটি তদন্তকালে সংগৃহীত প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা। ঘটনাস্থল ফ্ল্যাট মালিকসহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। এমনকি তদন্ত কর্মকর্তা মুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানেও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসব তদন্তকালে তদন্ত কর্মকর্তা ভিকটিমের যাপিত জীবন সম্পর্কিত তথ্যাবলীও সংগ্রহ করেন। সার্বিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে মামলার বাদীনি কর্তৃক ভিকটিমের আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার অভিযোগের বিষয়ে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্য-প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা।

বসুন্ধরার চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা হুইপ সামশুল হকের

0

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী।
বুধবার ( ১৮ আগস্ট) হুইপ সামসুল হক চৌধুরীর পরিবারের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়া দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, banglanews24 এবং টিভি চ্যানেল নিউজ 24 এর অব্যাহতভাবে মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং মালিকের নির্দেশে মিথ্যা সংবাদ প্রকাশ করায় পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।
হুইপের পক্ষে এ মামলা রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল, মামলার বিবাদী করা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন, রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলা নিউজের সম্পাদক।
মামলার আর্জিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পুত্র সায়েম সোবহান আনভীরের ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতামূলকভাবে বাদী ও জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে।
বসুন্ধরা গ্রুপের পত্রিকা, অনলাইন ও টিভিতে ১০০ টির অধিক মিথ্যা সংবাদ পরিবেশন করে হুইপ সামশুল হক চৌধুরীর সামাজিক রাজনৈতিক সম্মানহানী করেন যাতে উনার শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। একাধারে মিথ্যা মানহানীকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্ষতিপূরণ মামলা দায়ের করেন বলে জানান।
শারুন চৌধুরী তার ফেসবুকে জানান, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে তাদের বিবেক বাধা দিচ্ছে কারণ তারা মালিকের নির্দেশের বাইরে কিছুই করতে পারে না কিন্তু এরকম সংঘবদ্ধ মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। প্রেস কাউন্সিলেও তিনি অভিযোগ দায়ের করবেন।
তিনি আরও বলেন, মিডিয়া মালিকের ইচ্ছা ও ব্যক্তিগত শত্রুতার উদ্দেশ্যে সংবাদপত্রের ব্যবহার বন্ধ হওয়া উচিত।

 

যে কারণে জামিন শুনানি হয়নি পরীমনির

0

চিত্রনায়িকা পরীমনিকে নতুন করে পাঁচ দিনের রিমান্ড চাওয়ায় মাদক আইনের মামলায় জামিন আবেদনের শুনানি হয়নি।
বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৯ অগাস্ট) রিমান্ড শুনানির দিন ধার্য করেন। ওইদিন নতুন করে জামিন আবেদনও করা হবে বলে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের জানা ছিল না রিমান্ড আবেদনের বিষয়টি। মামলার নিউ কনসিকোয়েন্স হওয়ায় নতুন করে আপডেট ভার্সনে রিমান্ড বাতিলসহ জামিন চাইব আমরা।
১৬ তারিখের আবেদনটি আমরা উঠিয়ে নিতে চাইলে আদালত তাতে সায় দেন।
এর আগে গত সোমবার পরীমনির আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জামিন আবেদন করলে হাকিম রেজাউল করিম চৌধুরী আবেদনটি গ্রহণ করে ১৮ অগাস্ট শুনানির দিন রেখেছিলেন।
বনানী থানার মাদক আইনের এ মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
গেল ৪ আগস্ট অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

প্রতারণা মামলায় জামিন পেলেন না হেলেনা জাহাঙ্গীর

0

আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিস শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে হেলেনা জাহাঙ্গীর আইনজীবী শফিকুল ইসলাম জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ৩ আগস্ট পৃথক চার মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনের মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান।
আর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি।
গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত ৩০ জুলাই হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
এর আগে, ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবন থেকে হেলেনাকে গ্রেফতার করে র‍্যাব।

সরকারি চাকুরেদের বছরে একবার মাদক পরীক্ষা করতে হবে, আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত

0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বছরে একবার মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট করা হবে। এ ছাড়া সরকারি চাকরিতে যোগদানের আগেও মাদক পরীক্ষার করতে হবে। ডোপ টেস্টে অর্থাৎ মাদক পরীক্ষায় যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার বিকালে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানেও ডোপ টেস্ট পরিচালনা করা হবে। “যারা বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হবেন এবং নতুন শিক্ষকরা ডোপ টেস্টের আওতায় আসবেন।”
ডোপ টেস্ট কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, “এটি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়ে দেবেন।”
প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরন করে এগোতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, “কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, এর উৎস কী, ভুক্তভোগী কারা তা নিয়ে কথা হয়েছে।
“মাদক আমরা তৈরি করি না, মাদকদ্রব্য বাইরে থেকে আসে। এর ভুক্তভোগী হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। এই প্রজন্মকে রক্ষার জন্য কী কী করা যায়- তা নিয়ে আলোচনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি ভয়ংকর মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাতে না আসে সেই ব্যবস্থা করতে ডাক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
“তারা যেন স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের মালপত্র স্ক্যান করে ব্যবস্থা নেয়। যারা এ সিদ্ধান্ত মানবে না তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।“
নতুন মাদক এলএসডি ও ‘ম্যাজিক মাশরুম’ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসার বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন “যেসব মাদকদ্রব্য আসে সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।”

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

0

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আলমগীর কবীরের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ও সাউথইষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।   
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দুদকের পক্ষে খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হলেও দুদক বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এ ৪৬ ধারায় এবং দুদক আইন ২০০৪ এর ১৯ ধারায় এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলেও দুদক বা বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে তদন্তের ব্যবস্থা গ্রহণ করেনি। এক সময় পিপলস লিজিংয়ের মতো হয়তো এ ব্যাংকের কোনো অর্থের হদিস মিলবে না।
শুনানি শেষে আদালত অর্থসচিব, বাংলাদেশ ব্যাংক ও দুদককে আগামী তিন মাসের মধ্যে আলমগীর কবীরের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
এর আগে গত ১ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দুর্নীতি নিয়ে ‘এক চেয়ার এক লাখ ৪০ হাজার’ শিরোনামে প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।